
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় নিহত ৭ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ত্রিপোলিভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় এপিকে জানিয়েছে, সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত কারখানাতে হামলা চালানো হয়। শহরের যে কেন্দ্রে কয়েক মাস ধরে হামলা চলছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত এপিকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুইজন লিবীয় রয়েছে। এছাড়া হামলায় নাইজার ও বাংলাদেশের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
চলতি বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।