
শুক্রবার থেকেই ভারতর পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব। যত সময় গড়িয়েছে বৃষ্টি বেড়েছে। সেইসঙ্গে দাপট দেখিয়েছে ঝোড়ো হাওয়া। শনিবার সন্ধ্যার পর স্থলভাগে পৌঁছয় বুলবুল। এর দাপটে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর প্রভৃতি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করল ভারতের কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বুলবুলের ব্যাপারে খোঁজ নিয়েছেন নরেন্দ্র মোদী ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিয়েছেন পাশে থাকার আশ্বাস।
রবিবার সকালে টুইট করে সেকথা জানান মোদী। টুইটে তিনি লেখেন, “সাইক্লোনের দাপটে পূর্ব ভারতের কী অবস্থা সেই ব্যাপারে খোঁজ নিলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হল। ওনার সঙ্গে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব রাজ্যে কী রকম পড়েছে তা নিয়ে কথা হল। আমি আশ্বাস দিয়েছি যদি সাহায্যের প্রয়োজন হয় কেন্দ্র পাশে রয়েছে। সবার সুরক্ষার প্রার্থনা করছি।”
টুইট করেন অমিত শাহও। টুইটে তিনি লেখেন, “পূর্ব ভারতে ঘূর্ণিঝড় বুলবুলের উপর নজর রাখছি। আমরা সবসময় রাজ্যে ও কেন্দ্রের ত্রাণ মোকাবিলা এজেন্সিগুলির সঙ্গে যোগাযোগ রাখছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এই পরিস্থিতিতে সবাইকে সুরক্ষিত রাখার জন্য।”
শাহ আরও টুইট করে বলেন, “পশ্চিমবঙ্গে ১০ ও ওড়িশাতে ৬ টি বিপর্যয় মোকাবিলা দলকে পাঠানো হয়েছে। তারা রাজ্যের সঙ্গে বিপর্যয় মোকাবিলার কাজে সাহায্য করছে। আরও ১৮টি দলকে তৈরি রাখা হয়েছে। যখনই দরকার তাদের পাঠানো হবে।” সূত্র- দ্যা ওয়াল।