
ইরাকের রাজধানী বাগদাদে একটি গাড়িবোমা বিস্ফোরণে ছয়জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, গতকাল শুক্রবার রাতে রাজধানীর প্রাণকেন্দ্র তাহরির স্কয়ারে চলমান সরকারবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। হামলায় হতাহতদের এরই মধ্যে নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করানো হয়েছে।
এ দিকে মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, শুক্রবারের এই বোমা বিস্ফোরণে নিহতদের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন মর্মান্তিক এই হামলার দায় স্বীকার করে নেয়নি।
অপর দিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিনহুয়া’ এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে গত কয়েক মাস যাবত সরকারবিরোধী চলছে। যার মূল কেন্দ্রস্থল হলো রাজধানী বাগদাদের মধ্যাঞ্চলীয় তাহরির স্কয়ার। গতকাল শুক্রবার শেষ রাতে এর খুব কাছে আল তায়ারান স্কয়ারের জনাকীর্ণ এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়।
এর আগে গত ১ অক্টোবর দেশটিতে কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে রাজধানী বাগদাদের রাজপথে নেমে আসেন প্রায় কয়েক হাজার বিক্ষোভকারী। মূলত তখন নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস এবং গুলি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করতে চাইলে বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। পরবর্তীকালে যা ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন শহরে। এতে এখন পর্যন্ত অন্তত ৩২৫ বিক্ষোভকারীর প্রাণহানি হয়েছে। তাছাড়া প্রায় হাজারখানেক লোক এরই মধ্যে আহত হয়েছেন।