
পটুয়াখালীর কলাপাড়ার ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে চায়না শ্রমিক চং জি হাংজ’র ছুরির আঘাতে অপর চায়না শ্রমিক ফোং লিউ জুন (৩৫) নিহত হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের চায়না ক্যান্টিনে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে ফোং লিউ জুনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অভিযুক্ত চায়না শ্রমিক জি হাংজ (৩২) কে পুলিশ রবিবার সকালে আটক করেছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ‘বিদ্যুত কেন্দ্রে কর্মরত এ দুই চায়না শ্রমিক একই কক্ষে থাকত। শনিবার রাতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চায়না ক্যান্টিনে নুডলস খাওয়া নিয়ে চায়না শ্রমিক চং জি হাংজ ও ফোং লিউ জুন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় চং জি হাংজ ধারালো ছুরি দিয়ে ফোং লিউ জুন’র বুকের বাম পাশে আঘাত করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ওসি মনিরুল আরও জানান, ’নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যা কান্ডের ঘটনায় চং জি হাংজকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: রোফায়েত হোসেন জানান, ‘চায়না শ্রমিক চং জি হাংজকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।’