
বখাটের প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে (১৫) খুন করা হয়। ২০১৬ সালের বহুল আলোচিত সেই হত্যা মামলার রায় আজ রোববার (৬ অক্টোবর)ঘোষণা করা হবে।
মামলার অভিযুক্ত আসামির উপস্থিতিতে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ রায় ঘোষণা করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল।
এর আগে, গত ১১ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে বিচারক কে এম ইমরুল কায়েশ রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন।
হত্যা মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালে রাজধাণীর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে বৈশাখী টেইলার্সে ড্রেস তৈরি করতে দেয় রিশা। এসময় নিজের দেওয়া নাম ও মোবাইল নাম্বার নিয়ে টেইলার্সের মাস্টার ওবায়দুল খান (২৯) স্কুল ছাত্রী রিশাকে উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায় রিশা ফোন নম্বরটি বন্ধ করে দিলে স্কুলে যাওয়ার পথে রিশাকে উত্ত্যক্ত করতে থাকে সে। তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল।
২০১৬ সালের ১৪ নভেম্বর মামলার তদন্ত শেষে ওবায়দুলকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আলী হোসেন। এর পরের বছর ১৭ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।