
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনা সরকার সব সময়ই যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়। শেখ হাসিনা সরকার সব সময়ই যেকোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়। তিনি দেশের উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট থাকেন। তারই অংশ হিসেবে দেশে শুদ্ধি অভিযান চলছে, দলমত নির্বিশেষে সারাদেশে এই অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এসময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার মাহাবুবুর রহমান, জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ক্যাসিনো থেকে শুরু করে দুর্নীতিবাজ কেউই পার পাবে না। কোনো দল দেখে শুদ্ধি অভিযান চালানো হয় না। সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কোন দলের তা শেখ হাসিনা দেখে না। তিনি যেভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন দেশের মানুষ তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই শুদ্ধি অভিযান শুধু ঢাকা শহরে নয়, চাঁদপুরসহ সারা দেশেই অব্যাহত থাকবে।
দীপু মনি বলেন, চাঁদপুর অপেক্ষাকৃতভাবে অনেক ধরনের অপরাধ থেকে মুক্ত। যার কারণে আমরা গর্ব অনুভব করি। তারপরেও যাদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, তা নিরসনে কাজ করা হবে।’ এদিন তিনি বিভিন্ন সংগঠনের আয়োজনে নানান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গ মাতা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া চাঁদপুর জেলা আ.লীগের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন।