
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সব রোহিঙ্গাকেই ন্যাশনাল কার্ড (জাতীয় পরিচয়পত্র) দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর হোটেল লেক ক্যাসেলে আয়োজিত ‘সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। ওইখানে সিদ্ধান্ত হয়েছে, এ তিন দেশ মিলে একটি কমিটি করে রোহিঙ্গা প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেয়া হবে। ওই বৈঠকে মিয়ানমার বলেছে, সব রোহিঙ্গাকে ন্যাশনাল কার্ড দেবে। চীনও এতে সম্মত হয়েছে। যেটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর।
তিনি আরও বলেন, মিয়ানমার স্বীকার করেছে, তাদের ফরমে ভুল আছে। এটা সংশোধন করবে। যাচাই বাছাইয়ের পর তারা রোহিঙ্গাদের নাগরিক পরিচয়পত্র দিতেও রাজি হয়েছে। এটা একটা বড় অর্জন।