
সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩৫ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অনন্ত চারজন। আহত চারজনকে আল হামনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এএফপির খবরে এ কথা জানানো হয়।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে বাস ও ভারী যানের (লোডার) মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মদিনার প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, নিহতদের অধিকাংশই এশিয়া ও আরবের নাগরিক ছিলেন। প্রদেশের আল-আখাল সেন্টারে যাত্রীবাহী বাসটি দ্রুতগামী একটি ভারী কারের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে বাসটিতে দ্রুত আগুন ধরে যায়।
সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শহরে একটি ব্যক্তিগতভাবে ভাড়া করা বাস ও একটি ভারী যানের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। বাসের আরোহীরা সবাই ওমরাহযাত্রী ছিলেন। তাঁরা এশিয়া ও বিভিন্ন আরব দেশের নাগরিক।