
গতকাল দুপুরে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। এ সময় নিহত আবরার ফাহাদের ছোট ভাই ফায়াজ পুলিশের মারধরের শিকার হয়েছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন। এ ছাড়া তার ফুপাতো ভাইয়ের স্ত্রী ও আরও একজন নারী আহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
পরে সন্ধ্যা ৬টার দিকে দিকে ফেসবুকে একটি পোস্ট দেন মারধরের শিকার ফায়াজ। তার ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
”আজকে Additional SP (উনি বলেন উনার নাম মোস্তাফিজুর রহমান) কোথা থেকে সাহস পায় আমার গায়ে হাত দেয়ার? আমার ভাবি কে মারছে? নারীদের গায়ে নিষ্ঠুরভাবে হাত দেয়? এই চাটুকারদের কি বিচার হবে না? তিনি কালকে ২ মিনিটে জানাজা শেষ করতে বলেন কিভাবে? যেই ছাত্রলীগ মারল তারা কেন সর্বত্র? আমার বাবাকে হুমকি দেয়া হয়েছে আপনার আর এক ছেলে ঢাকা থাকে আপনি কি চান তার ক্ষতি হোক….. গ্রাম-এ বলা হয়েছে কেউ কিছু করলে ১ সপ্তাহ পর গ্রামের সব পুরুষ জেলে থাকবে। বিচার চাই…আমি বিচার চাই….. নয়তো আমাকে মেরে ফেলুন বাবা-মা কষ্ট একবারে পাবে।”
গতকাল বুধবার রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ বিষয়ে আবরার ফায়াজ গণমাধ্যমকে জানান, তিনি নিজেই তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছেন।
তবে কি কারণে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে রেখেছেন? জানতে চাইলে ফায়াজ বলেন, সেটা বলা যাবে না।
কোনো ধরনের হুমকি বা কোনো চাপের কারণে তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কিনা- এমন প্রশ্নে এখন কোনো উত্তর দিতে চাননি।