
জিজ্ঞাসাবাদের জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেনকে আটক করেছে র্যাব। পরে তাকে নেয়া র্যাব-২ কার্যালয়ে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদে করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনিও ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন।
আজ বৃহস্পতিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
আশিক বিল্লাহ বলেন, ‘মোহামেডান ক্লাবের অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন লোকমান। তার এই টাকাগুলো অস্ট্রেলিয়ার দুই ব্যাংক- কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে রাখা আছে।’
লোকমানের বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, অস্ট্রেলিয়ার ওই দুই ব্যাংকে তার ৪১ কোটি টাকা রয়েছে। তার ছেলের অস্ট্রেলিয়া পড়ার সুবাদে তিনি মাঝে মাঝেই অস্ট্রেলিয়ায় যান।
এর আগে গতকাল বুধবার রাত ৯টার দিকে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে বিপুল মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। তবে ক্যাসিনো কেলেঙ্কারির জন্যই তাকে আটক করা হয়।