
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার বিষয়টি বিবেচনায় আছে। আমরা মাঠপর্যায় পর্যবেক্ষণ করছি, এরপর সিদ্ধান্ত নেব।
সোমবার বিআরটিসির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা ও মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিআরটিসিতে দুর্নীতিবাজ কর্মকর্তার প্রয়োজন নেই। অপরাধের সাথে জড়িত যে কোন ব্যক্তি দলের ভেতরে যত প্রভাবশালীই হোক, তাকে কোন ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
সেতুমন্ত্রী আরও বলেন, নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব সংস্থার পাশাপাশি বিভিন্ন সংস্থার প্রতিবেদনও প্রধানমন্ত্রীর কাছে রয়েছে।
এদিকে রংপুর-৩ আসনের উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
এ আসনে ধানের শীষের মনোনয়ন চেয়েছেন পাঁচজন। এর মধ্যে চারজন বিএনপির এবং একজন বিএনপির শরিক পিপলস পার্টি অব বাংলাদেশ’র। মনোনয়ন প্রত্যাশী পাঁচজন শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, গত ১৪ জুলাই জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।