
বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ২ দিন পর সিয়াম নামের ৭ বছরের এক শিশুর মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করা করেছে। এ ঘটনায় শিশুটির ঘাতক সৎ মা ফেরদৌসিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ থানা পুলিশ বদনী ভাঙ্গা গ্রামে শিশুটির বাড়ীর বাথরুমের কাছে মাটি চাপা দেওয়া অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, রবিবার বিকালে মোরেলগঞ্জের বদনী ভাঙ্গা গ্রামের বাড়ী থেকে মিরাজ মোল্লার ৭ বছরের ছেলে সিয়াম নিখোঁজ হয়। মঙ্গলবার খোঁজাখুজি করে শিশুটিকে না পেয়ে তার বাবা বিষয়টি থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে গোয়েন্দা তৎপরতা শুরু করে। সকালে বাথরুমের পাশে সন্দেহজনক মাটির স্তুপের খবর পেয়ে মাটি খুড়ে শিশু সিয়ামের মৃহদেহ উদ্ধার করা হয়।
শিশুটিকে হত্যা করে মাটিচাপা দেয়ার ঘটনায় জড়িত সৎ মা ফেরদৌসিকে (২৩) গ্রেফতার করা হয়েছে।