
বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় জামিনে থাকা নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ঢাকায় আসছেন। উচ্চ আদালতে নিঃস্বার্থভাবে আইনি লড়াই করা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই আজ শনিবার তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। মিন্নির সঙ্গে তার বাবাও ঢাকায় আসছেন।
জানা যায়, আগামীকাল রোববার সুপ্রিম কোর্টে এসে মিন্নি তার প্রধান আইনজীবী জেড আই খান পান্নার চেম্বারে সব আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে আদালতের নিষেধ থাকায় মিডিয়ার সঙ্গে কথা বলবেন না তিনি।
এর আগে গত ২ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার আদালত বহাল রাখায় কারাগার থেকে মুক্তি পান মিন্নি।
আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দীন।
উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ২৭ জুন ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরে ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বেশকিছুদিন পর মিন্নি জামিনে মুক্তি পান।