
আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, কিছুটা উদ্বেগ তো আছেই। আমরা খেয়াল রাখছি। আমরা ভারতের ওপর বিশ্বাস রাখতে চাই।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত জানি এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে তারা বার বার বক্তব্য দিয়েছে। আমরা তাদের ওপর বিশ্বাস রাখছি।
রোহিঙ্গা সমস্যার সমাধান বিষয়ে ড. মোমেন বলেন, আমি বিশ্বাস করি রোহিঙ্গা সমস্যার সমাধানও দ্রুত হবে। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র যাদের মিয়ানমার ও বাংলাদেশে বিনিয়োগ আছে। তাদের বলেছি রোহিঙ্গারা থাকলে অন্যদিক ক্ষতিগ্রস্ত হবে। তোমাদের উদ্দেশ্য সফল হবে না। এ অঞ্চলে অনিশ্চয়তা তৈরি হবে। তোমাদের নিজেদের স্বার্থে এ সমস্যা সমাধানে সিরিয়াস হতে হবে। কারণ, সন্ত্রাসীদের কোনো বর্ডার নেই, দেশ নেই।