
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও আটজন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহসড়কের কর্ণগোপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- বরিশালের পিরোজপুর থানার কাউখালী এলাকার রাব্বি মিয়া (২২), একই এলাকার জাহাঙ্গীর (৩৬) ও শাহাবুদ্দিন (৩৩) ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহজাহান জানান, ‘নসিমনটি কাঁচপুর থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। যাত্রী বোঝাই পিকআপ ভ্যানটি যাচ্ছিলো পাঁচদোনা থেকে নারায়ণগঞ্জ সদর এলাকার দিকে। রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় পৌছালে দুটি যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও আটজন।’
ওসি জানান, ‘আহতদের প্রথমে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লাশ তিনটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
হতাহতদের পারিবারিক সূত্র জানায়, নিহত ও আহতরা নারায়ণগঞ্জ থেকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে বেড়াতে যান। সেখান থেকে রাতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।