
জোড়া খুনের দায়ে এক আসামির গাজীপুরের কাশিমপুর কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাত ১০টা ১ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আসামির নাম চাঁন মিয়া ওরফে চান্দু। তিনি কেরানীগঞ্জে আমির আবদুল্লাহ হাসান ও সেন্টু মিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০২ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্য গুলি করে দুজনকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০০৪ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন চাঁন মিয়া। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হন চাঁন মিয়া। সবশেষ মামলার কার্যক্রম শেষ হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।