
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের এয়ার ফোর্সের একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ১৩ জন আরোহী রয়েছে। এদের ৮ জন ক্রু, অপর ৫ জন যাত্রী।
অ্যান্টোনোভ এএন-৩২ বিমানটি আসামের জোরহাট থেকে বেলা ১২টা ২৫ মিনিটে আকাশে ওড়ে। উড়ার ৩৫ মিনিট পরই নিখোঁজ হয়ে যায় বিমানটি। খবর পার্স টুডের।
নিখোঁজ বিমানটির সঙ্গে সর্বশেষ দুপুর ১ টা নাগাদ একবার যোগাযোগ করা সম্ভব হয়েছিল। বিমানটি অরুণাচল প্রদেশের মেচুকায় অবতরণের কথা ছিল। মেচুকা চীন সীমান্তের কাছেই অবস্থিত।
এর আগে ২০১৬ সালে চেন্নাই থেকে আন্দামান-নিকোবার দীপপুঞ্জে যাওয়ার পথে বঙ্গোপসাগরের আকাশে ২৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছিল বিমানবাহিনীর একটি বিমান। বহু খোঁজাখুঁজির পরও বিমানটির সন্ধান পাওয়া যায় নি। ধারণা করা হয় ওই বিমানের সব যাত্রী প্রাণ হারিয়েছেন।