
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু হাসান বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জংড়া খালে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মোহাম্মাদ মুফতি মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে সুন্দরবনের চাঁদপাইরেঞ্জের জোংড়ার খাল এলাকায় র্যাব টহলের সময় বনদস্যু বাহিনী র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে দস্যুরা পিছু হটে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর প্রধানসহ চার দস্যুর লাশ উদ্ধার করে র্যাব সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে র্যাব সূত্র জানায়।