
পবিত্র রমজান মাসে যে সমস্ত মুসলিম সিয়াম সাধনা করছেন না তাদেরকে ধরার জন্য মালয়েশিয়ার বেশ কিছু সরকারি কর্মকর্তা রাঁধুনি এবং খাদ্য পরিবেশনকারীর ছদ্মবেশ ধারণ করেছেন।
মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ায় যেসমস্ত মুসলিমরা সিয়াম সাধনা থেকে বিরত থেকেছেন তাদের কে আইনের আওতায় আনার জন্য নেয়া কার্যক্রমের অংশ হিসেবে দেশটির ৩২ জন সরকারি কর্মকর্তা স্থানীয় বিভিন্ন খাদ্য বিপণিতে ছদ্মবেশে অবস্থান করছেন।
দেশটির ‘New Straits’ ‘Times newspaper’ সহ বেশ কিছু সংবাদ মাধ্যম এই তথ্য দিয়েছে।
ইসলামি আইন অনুযায়ী একজন মুসলিম কে পবিত্র রমজান মাসের দিনের বেলায় সিয়াম সাধনার অংশ হিসেবে অবশ্যই সূর্যোদয় থেকে সূর্যাস্ত উপবাস থাকতে হয় কিন্তু গুরুতর অসুস্থতা সহ বিশেষ কিছু কারণে সিয়াম পালন থেকে বিরত থাকার অনুমতি রয়েছে।
যদিও মালয়েশিয়ানরা ঐতিহ্যগত ভাবে একটি মধ্যপন্থী ইসলামের অনুসরণ করে কিন্তু সমালোচকদের মতে বর্তমানে দেশটিতে রক্ষণশীল ইসলাম পালনের ঝোঁক দেখা যাচ্ছে।
মালয়েশিয়ার দক্ষিণের রাজ্য জোহোর এর সেগামাত ডিস্ট্রিকে পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা থেকে বিরত থাকা মুসলিমদের হাতে নাতে ধরার জন্য নিয়োজিত দলটির মধ্য থেকে দুজন কর্মকর্তা কে রন্ধন শিল্পীর ছদ্মবেশ বেছে নিতে বলা হয়েছে যারা ফ্রাইড নুডলসের মত স্থানীয় বিভিন্ন জনপ্রিয় ডিশ তৈরীতে পারদর্শী।
সেগামাত মিউনিসিপাল কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ মাসনি ওয়াকিমান বলেন, ‘আমরা এই কাজের জন্য বিশেষ কাজে পারদর্শী কর্মকর্তাদের নিয়োগ দিয়েছি যারা তাদের কাজের অংশ হিসেবে ছদ্মবেশ ধারণ করেছে।’
তিনি আরো বলেন, ‘নিয়োগ প্রাপ্ত কর্মকর্তারা এমন ভাবে ইন্দোনেশিয়ান এবং পাকিস্তানি সূরে কথা বলেন যাতে করে ক্রেতারা বিশ্বাস করতে বাধ্য হয় যে, তাদের কে রন্ধন শিল্পী এবং খাদ্য পরিবেশক হিসেবেই নিয়োগ দেয়া হয়েছে।’
তবে খাদ্য বিপণি সমূহে নিয়োগ দেয়া বেশিরভাগ কর্মকর্তাই দেশটিতে অভিবাসী হয়ে আশা কর্মী।
মোহাম্মদ মাসনি বলেন, কর্মকর্তারা যখন দেখেন দিনের বেলায় কোনো মুসলিম খাদ্যের জন্য ফরমায়েশ দিচ্ছেন তখন তারা ক্রেতাদের অজান্তে তাদের আলোকচিত্র ধারণ করে রাখেন এবং পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য এসমস্ত আলোকচিত্র স্থানীয় ধর্মীয় বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, মালয়েশিয়ার আইন ব্যবস্থায় দুধরনের বৈশিষ্ট্য দেখা যায়। এর একটি হচ্ছে গতানুগতিক আইন আরেকটি হচ্ছে কিছু নির্দিষ্ট অঞ্চলে মুসলিমদের জন্য ইসলামিক আইন।
উদাহরণ সরূপ দেশটির জোহোর রাজ্যে যেসমস্ত মুসলিম পবিত্র রমজান মাসে সিয়াম পালন থেকে বিরত থাকে তাদের কে ইসলামি আইন অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড এবং সর্বচ্চ ২৪০ মার্কিন ডলার জরিমানা করা হয়।
তবে দেশটির ‘Sisters in Islam’ নামের একটি নারী অধিকার দল স্থানীয় সরকারের এমন উদ্যোগের সমালোচনা করে একে লজ্জাজনক আখ্যায়িত করেছে এবং একই সাথে তারা এর ফলে মুসলিম সহ অন্য ধর্মের মানুষদের নিকট নেতিবাচক বার্তা প্রেরিত হচ্ছে বলে দাবী করেছে।
‘Sisters in Islam’ এর পক্ষ থেকে বলা হয়, ‘আমরা জোর দিয়ে বলতে চাই যে, গোয়েন্দা গিরির এমন ন্যক্কারজনক কাজ অবিলম্বে বন্ধ করা হোক।’
মালয়েশিয়ার ৩২ মিলিয়ন জনগোষ্ঠীর মধ্যে অন্তত ৬০ শতাংশ মানুষ জাতিগত ভাবে মালয় মুসলিম এবং দেশটিতে একই সাথে চীন ও ভারতীয় অনেক জাতিগোষ্ঠীর সংখ্যালঘুরা বসবাস করে যারা সাধারণত ইসলাম ধর্ম অনুসরণ করে না।
সূত্র: ডেইলিমেইল ডট কো ডট ইউকে।