
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীন সফর শেষে তেহরানে ফেরার পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে টেলিফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওই ফোনালাপে পম্পেও’কে মধ্যপ্রাচ্যে ‘বাড়াবাড়ি’ না করার পরামর্শ দিয়েছেন ওয়াং ই।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগাস এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, টেলিফোনালাপে ওয়াং ই পম্পেও’কে বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় আমেরিকা যেন ‘বেশিদূর’ অগ্রসর না হয়। এ সময় ইরান ও আমেরিকা দু’দেশই ধৈর্য ও আত্মসংযম প্রদর্শন করবে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। খবর পার্সটুডের
শুক্রবার বেইজিংয়ে ওয়াং ই’র সঙ্গে সাক্ষাৎ করেন জারিফ। এশিয়ার চারটি দেশ সফরের শেষ পর্যায়ে চীন সফর শেষে শনিবার তেহরানে ফিরেছেন জারিফ।
টেলিফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সঙ্গে বাণিজ্যিক মতবিরোধকে কেন্দ্র করেও ‘বাড়াবাড়ি’ না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে তিনি ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক আলোচনা আবার শুরু করারও আগ্রহ প্রকাশ করেছেন।
ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করলেও দু’দেশের শীর্ষ নেতারা যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিলেও তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তাদেরকে উসকানি দিচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কিছু রাজতান্ত্রিক আরব সরকার।#