
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনে নির্বাচন ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে আসনটিতে ভোটের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমেদ।
ইসি সচিব বলেন, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ মে। বাছাইয়ে বৈধ প্রার্থীরা ৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর আসনটিতে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ৪ জুন।
তিনি আরও বলেন, বগুড়া-৬ আসনে ২৪ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট হবে। সবগুলো কেন্দ্রে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের ৪১ নম্বর আসন বগুড়া-৬ থেকে বিজয়ী হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।