
ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কাজী মনিরুজ্জামান। রবিবার (১২ মে) রাতে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত এ কর্মকর্তা ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১৩ মে) মনিরুজ্জামানের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা।
আলোচিত ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় বিকেলে এস এম জাহাঙ্গীর আলম সরকারকে পুলিশ সদর দফতরে প্রত্যাহার করা হলে কাজী মনিরুজ্জামান তার স্থলাভিষিক্ত হন। কাজী মনিরুজ্জামান র্যাব-৯ শ্রীমঙ্গল ক্রাইম প্রিহেনসিভ কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
ঝিনাইদহের গোবিনাথপুরে ১৯৭৬ সালের ৩০ জুন কাজী মনিরুজ্জামান জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ড পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।
পরবর্তীতে ২০০৬ সালে ২১ আগস্ট বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বিসিএস ২৫তম ব্যাচের এ কর্মকর্তা জানান, জনগণের সেবায় তার ফোন ২৪ ঘণ্টা খোলা থাকবে। নিষ্ঠার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করবেন।