
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের পেছনে স্থানীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র ছিল, এখনো আছে। তাদের দমন করা গেলেও মূল উৎপাটন করা সম্ভব হয়নি। তারাই মাঝেমধ্যে হুমকি-ধমকির মাধ্যমে আত্মপ্রকাশ করে। কিন্তু তাদের হুমকিতে বাংলাদেশের মানুষ কখনোই ভয় পায় না। কারণ, এ দেশের মানুষ সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে।
দুপুরে তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, যেখানে ধর্ম চর্চা হয় সেখানে জঙ্গি তৈরি হতে পারে না। হতাশাগ্রস্থ তরুণরাই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। জঙ্গিরা হামলার স্বপ্ন দেখে বাংলাদেশ তাদের চোখের আড়ালে নয়। সুলতানা কামালসহ যাদেরকে হুমকি দেয়া হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশকে অস্থিতিশীল করতে সাইট ইন্টেলিজেন্স এর প্রকাশিত এসব তথ্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
আল-কায়েদাসমর্থিত বাংলা সাময়িকী লোন উলফের মার্চ সংখ্যায় বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেওয়া হয়। এ-সংক্রান্ত খবর গতকাল শনিবার বিভিন্ন গণমাধ্যমে আসে।
হুমকি পাওয়া তিন নাগরিকের মধ্যে রয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। হুমকি পাওয়া অপরজন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টা সুলতানা কামাল। তিনি গতকালই নিজের নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় জিডি করেছেন।
তিনি বলেন, জঙ্গি নির্মূলে পুলিশ বসে নেই তারা কাজ করছে। তাদের হুমকি ধামকিতে আমরা ভয় পাই না। বাংলাদেশের জনগন জঙ্গিদের প্রশ্রয় দেয়না। তাদের কোন ধরনের অর্থায়ন করে না।