
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান অর্টাগাস বলেছেন, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে ওয়াশিংটন সরে আসবে না। আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করা ইরানের ওপর চাপ সৃষ্টি করার মূল লক্ষ্য বলে উল্লেখ করেন ওই মুখপাত্র। তিনি দাবি করেন, আমেরিকা ইরানের সঙ্গে নতুন একটি চুক্তি করতে চায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের বিরুদ্ধে চতুর্মুখী নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কিন্তু একই সঙ্গে তিনি সাম্প্রতিক সময়ে বারবার ইরানের সঙ্গে আলোচনায় বসার ব্যাপক আগ্রহ প্রকাশ করছেন। মার্কিন প্রেসিডেন্ট আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে এমন একটি চুক্তি চান যেখানে শুধু আমেরিকার ইচ্ছার প্রতিফলন ঘটবে। খবর পার্স টুডের।
কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল (বুধবার) আবারো আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, এ ধরনের আলোচনা হবে ‘নিষ্ফল’, ‘অপকারী’ এবং ‘সার্বিক ক্ষতি’। বুধবার সন্ধ্যায় তেহরানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও গণ্যমান্য ব্যক্তিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে গত ১৪ মে এক ভাষণে সর্বোচ্চ নেতা বলেছিলেন, আমেরিকাকে মোকাবিলার করার জন্য ইরানি জনগণের সামনে একমাত্র পথ হচ্ছে প্রতিরোধ এবং এই সংঘাতে আমেরিকা পিছু হটতে বাধ্য হবে।