
শ্রীলঙ্কায় গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৯০ জন। আহত হয়েছেন কয়েক শতাধিক। এই হামলার সঙ্গে জড়িত সবাই শ্রীলঙ্কান নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। খবর বিবিসি
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, তার দেশে যে বোমা হামলায় ২৯০ জন নিহত হয়েছেন, তার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আট ব্যক্তিকে আটক করেছে। এখন পর্যন্ত আটক আট ব্যক্তির পরিচয় থেকে জানা গেছে তারা সবাই শ্রীলঙ্কান নাগরিক।
তবে তাদের সঙ্গে বিদেশের কারও যোগাযোগ আছে কি-না এখন সেটি যাচাই করে দেখা হচ্ছে বলেও জানান রনিল বিক্রমাসিংহে।
উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলা করে সন্ত্রাসীরা। দুপুরের পর কলম্বোর আরও দুটি স্থানে বোমা হামলা হয়।
এতে ২৯০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক বাংলাদেশিসহ ৩৫ বিদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ শতাধিক লোক। আহতদের মধ্যে ৩ শতাধিক লোককে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির চিকিৎসকরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম। সেনবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) ও মঙ্গলবার (২৩ এপ্রিল) সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।