
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে কোনো হুমকি নেই তবে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে শেখ সেলিমের বাসায় এসে তাকে শান্ত্বনা দিয়ে চলে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে হলি আর্টিসানের ঘটনার পর আমরা শক্ত হাতে তা দমন করেছি। এখন বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। এ দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না।
তিনি বলেন, বাংলাদেশে কোনো রেড অ্যালার্ড জারি করা হয়নি। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল এবং আছে।
আসাদুজ্জামান খান বলেন, জায়ান চৌধুরীর লাশ মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশে আসবে। তবে শ্রীলঙ্কার ডাক্তাররা জামাই মশিউল হক চৌধুরীর চিকিৎসা করছেন। তিনি এখন ঝুঁকিমুক্ত আছেন।
প্রসঙ্গত, গতকাল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি হোটেলসহ অন্তত আটটি স্থানে পরপর বোমা হামলা হয়। হামলায় ২৯০ জন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি নাগরিক। আহত পাঁচ শতাধিক। শ্রীলঙ্কায় ওই বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী শেখ সেলিম এমপির নাতি জায়ান চৌধুরী ও জামাতা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়েছেন।