
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা ও আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে জামাত আল তৌহিদ আল ওয়াতানিয়া নামের একটি সংগঠন। সৌদিভিত্তিক আল আরাবিয়া টেলিভিশনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস।
দায় স্বীকার সম্পর্কে কোন বিস্তারিত তথ্য জানায়নি আল-আরাবিয়া। এর আগে সংগঠনটির নাম ন্যাশনাল তৌহিদ জামাত বা এনটিজে বলে জানা গিয়েছিলো। ধারণা করা হচ্ছে, জামাত আল তৌহিদ আল ওয়াতানিয়া এনটিজের কোন গ্রুপ হতে পারে।
তাসের খবরে বলা হয়, আল আরাবিয়া টিভি চ্যানেল সোমবার (২২ এপ্রিল) টুইটারে জানিয়েছে, স্থানীয় সন্ত্রাসী সংগঠন জামাত আল তৌহিদ আল ওয়াতানিয়া হামলার দায় স্বীকার করেছে। তবে টুইটে তারা গ্রুপটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
রবিবার শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় গির্জা, অভিজাত হোটেল ও কলম্বোর পার্শ্ববর্তী এলাকার মোট আট জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। এতে এ পর্যন্ত কমপক্ষে ২৯০ জন নিহত হওয়ার খবর জানা গেছে। হামলায় আহত হয়েছে আরো পাঁচ শতাধিক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছিল, দিন পনের আগে ন্যাশনাল তাওহিদী জামায়াত নামে একটি সংগঠন এমন হামলা চালাতে পারে বলে তথ্য ছিলো শ্রীলঙ্কার পুলিশের কাছে। কিন্তু, সে হামলা ঠেকাতে পারেনি তারা।
তবে শুরুতে হামলার কথা অস্বীকার করেছিল সংগঠনটি। যদিও হামলার পেছনে তৌহিদ আল ওয়াতানিয়া দায়ি বলে পুলিশের তরফ থেকে সন্দেহ করা হচ্ছিল।
২৬ বছর স্থায়ী গৃহযুদ্ধের বিভীষিকা কাটিয়ে শ্রীলঙ্কায় শান্তি ফিরেছে এক দশক আগে। ২০০৯’র পর শ্রীলঙ্কায় এতো বড় রক্তপাত এটিই প্রথম। অন্যভাবে বললে গৃহযুদ্ধের সময় ১৯৯৫ সালে একই রকম একটি হামলায় মারা গিয়েছিলেন ১৪৭ জন খ্রিস্টান নাগরিক। কিন্তু, দেশটিতে যখন আপাত শান্তি বিরাজ করছে সেই সময় প্রায় তিনশ নিরীহ নাগরিকের প্রাণহানি, তাও ধর্মীয় উপাসনালয়ে- হতবাক করেছ পুরো বিশ্বকে।