
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা জুডিশিয়াল ক্যু’র চেষ্টা করে তার সীমা লঙ্ঘন করেছিলেন; জনগনের চেষ্টায় তা প্রতিহত হয়েছে।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জুডিশিয়াল ক্যু চেষ্টা করায় এস কে সিনহাকে বিচারের আওতায় আনা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘এজন্য অপেক্ষা করতে হবে। জনগণের শক্তি যতই বৃদ্ধি হবে, এসব জুডিশিয়াল ক্যু করার চেষ্টা বা ষড়যন্ত্র করা থেকে মানুষ বিরত থাকবে।’
এসময় আইনমন্ত্রী বলেন, মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর পদ্ধতি কাজে আসতে পারে। তবে এজন্য আদালতকে অনুশাসন দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতায় নির্বাহী বিভাগ কখনও হস্তক্ষেপ করবে না বলেও নিশ্চিত করেন মন্ত্রী।
মন্ত্রী জানান, রাজধানীতে অবৈধ ভবন সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তিতে গণপূর্ত মন্ত্রণালয়কে সহায়তা করবে আইন মন্ত্রণালয়, এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে।