
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি সরকারি ভবনে জঙ্গি দল আল-শাবাবের আত্মঘাতী গাড়ি বোমা হামলার পর সেনা ও জঙ্গিদের মধ্যে গোলাগুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সাকার ইব্রাহিম আব্দালা এবং পুলিশ সদস্যরা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
শনিবার (২৩ মার্চ) দেশটির গোয়েন্দা সংস্থার সদরদপ্তরের কাছাকাছি অবস্থিত মন্ত্রণালয়টির ভবনের গেটে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের পর আল-শাবাবের যোদ্ধারা ভেতরে প্রবেশ করে।
দেশটির পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।
সোমালিয়ার সরকারি কর্মকর্তা ক্যাপ্টেন মোহামেদ হোসাইন বলেন, উপমন্ত্রী সাকার ইব্রাহিম ওই ভবনের নীচতলায় ছিলেন। হামলা শুরুর অল্পক্ষণ পরই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
পুলিশ কর্মকর্তা মেজর আলি আব্দুল্লাহি যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, যে চার বন্দুকধারী ভেতরে প্রবেশ করেছিল, তাদেরকে গুলি করে হত্যা করেছে ভবনটির নিরাপত্তার দায়িত্বে থাকা সৈন্যরা। ভবন এখন পুলিশের নিয়ন্ত্রণে।
ভবনটির সামনে যিনি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটনা, তিনিও নিহত হয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।