
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তেল আবিবের একটি বাড়িতে রকেট হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে হামলার সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় হামলা শুরু করেছে।
ইসরাইলি বাহিনীর মিসাইল গাজা শহরের পশ্চিমাঞ্চলে হামাসের একটি নৌ স্থাপনায় এবং উত্তরাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো।
তবে হামাস ইসরাইলি হামলার বিষয়টি আঁচ করতে পেরে দুটি জায়গা থেকেই তাদের লোকজন সরিয়ে নিয়েছিল। উত্তরাঞ্চলীয় প্রশিক্ষণ শিবিরে তিনটি মিসাইল আঘাত হানে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।