
জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারী নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের কাছে গিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
রোববার বিকেল সাড়ে ৩টায় শিক্ষকদের আন্দোলনস্থলে আসেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসেন।
শিক্ষামন্ত্রী ২০১৯-২০ অর্থবছরের শুরুতে যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হবে বলে আশ্বাস দিয়েছেন।
দীপু মনি বলেন, ‘আমি শিক্ষক পরিবারের সন্তান। আমার মা ৪০ বছর ধরে শিক্ষকতা করেছেন। আপনাদের দুঃখ-কষ্ট আমি বুঝি। সুতরাং আমার ওপর আস্থা রাখুন।’
শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর জাতির পিতা শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ শুরু করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আপনারা আস্থা রাখুন। আমাদের ওপর আস্থা রাখুন। আপনাদের খালি হাতে ফেরানো হবে না।’
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার এ বিষয়ে বলেন, ‘শিক্ষামন্ত্রীর আশ্বাসে আমরা পুরোপুরি আশ্বস্ত নই। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাই।’