
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ওয়াশিংটনের অনুরোধে এই মনোনয়ন দেন আবে। রোববার (১৭ ফেব্রুয়ারি) জাপানের পত্রিকা আশাহি শিম্বুন এ খবর প্রকাশ করে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আবে আমাকে বলেছে, আমি জাপানের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে আপনাকে মনোনয়ন দিয়েছি। আপনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার জন্যে আমি তাদের বলেছি।’
জাপানের সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে আশাহি শিম্বুন’র খবরে বলা হয়, গত জুন মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের যুগান্তকারী বৈঠকের পর এ পুরস্কারের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে মনোনয়নের জন্যে অনুরোধ জানানো হয়।
এর আগে শুক্রবার ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার ক্ষেত্র উন্মুক্ত করায় এবং দুশ্চিন্তা কমানোয় শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনয়ন দিয়েছেন আবে। নোবেল শান্তি পুরস্কার কমিটির কাছে পাঠানো পাঁচ পৃষ্ঠার মনোনয়নের চিঠির কপি তাকেও (ট্রাম্প) দিয়েছেন আবে।
এ ব্যাপারে হোয়াইট হাউজের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।