
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গায়েবি মামলা বলতে কোনো কিছু আমাদের অভিধানে নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে ১৯ জানুয়ারির বিজয় সমাবেশ সফল করতে আয়োজিত কর্মীসভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যে সকল মামলা হয় সে সকল মামলায় আসামি দোষী প্রমাণিত হলে বিচার বিভাগ তার বিচার করেন। তবে পুলিশি তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে খালাস পাবেন।
বাংলাদেশের মানুষ একাদশ জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আবারও তা প্রমাণ করেছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, এদেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়। সন্ত্রাস, জঙ্গিবাদ, দেশের মানুষ বিশ্বাস করেনা। একাদশ নিবার্চনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে।