
বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের এই উদ্দেশ্য কখনো সফল হবে না। দেশে আজ চরম ভয়াবহ অবস্থা বিরাজ করছে। স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আ. স. ম রবের ওপর হামলা করা হয়েছে। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনও হামলার হাত থেকে রেহাই পাননি।’
শনিবার বগুড়া শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দেশের সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
আওয়ামী লীগ সরকার কোনো প্রতিশ্রুতি মানছে না মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবি মামলার তালিকা চাইলো। সেই তালিকা দেয়া হলো। কিন্তু কোনো কাজ হলো না। উল্টো মামলা-হামলা বেড়েই চলছে। প্রতিদিন দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এতো কিছুর পরও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে থাকবে। কারণ বিএনপি মনে করে জনগণই সব ক্ষমতার উৎস।’
উল্লেখ্য, দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থি হিসেবে নিজ এলাকার বাইরে ২য় এই আসনে এবারে প্রতিদ্বন্ডিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রাচরণায় অংশ নিতে গতকাল থেকে তিনি বগুড়ায় অবস্থান করছেন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত বগুড়া ৬ আসনের ১৯ টি ওয়ার্ডের ১৩ টি স্থানে পথসভায় বক্তব্য প্রদান করেন। আজ সারাদিন বগুড়া সদর উপজেলার ১২ টি ইউনিয়নে পথসভার পর তাঁর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।