
সংসদ নির্বাচনের মতো বড় আয়োজনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, কোথাও কোথাও কিছু সমস্যা হচ্ছে। এটা এত বড় নির্বাচনে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হয়তো সংঘাত হয়, এটা হবে। তবে সবকিছু নিয়ন্ত্রণের মধ্যেই আছে।
রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে সিইসি বলেন, ১৪ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে সে রকম অবস্থা সৃষ্টি হয়েছে।
এ সময় সব দলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, ‘সকলেই সহযোগিতা করবেন, আচরণবিধি সবাই মেনে চলবেন। নির্বাচনের নিয়ম কানুন মেনে চলবেন।
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সিইসির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচন কমিশনাররা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে কয়েক মিনিট নীরাবতা পালন করেন।