
বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আজও বিক্ষোভ করছে বিএনপি মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা। রোববার সকাল থেকেই এ বিক্ষোভ শুরু করেছেন তারা।
উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে তিতুমীর কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি কলেজের ছাত্রদল নেতা-কর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে গুলশান কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা জানান, বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
রোববার সকাল থেকেই বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা জড়ো হতে থাকেন দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে। এ সময় তারা দলের ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়ার অভিযোগ তোলেন।
কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি এবং মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থকদের মধ্যে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শনিবার হামলা ও ভাঙচুর চালায় বঞ্চিত প্রার্থীর সমর্থকরা। পাশাপশি কিছু সময়ের জন্য কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা।