
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হারানোর পরে কারাগারে যেতে পারেন বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেস প্রতিনিধি পরিষদের সদস্য অ্যাডাম শিপ।
ডেমোক্র্যাটিক দলের এ কংগ্রেসম্যান রোববার মার্কিন সিবিএস টেলিভিশন চ্যানেলকে তিনি এসব কথা বলেন।
অ্যাডাম শিপ মার্কিন প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির পরবর্তী চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা ছাড়বেন সেদিন তার জেলে যাওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। বিচার বিভাগ তাকে জেলে নিতে পারে এবং ট্রাম্প হতে পারেন প্রথম প্রেসিডেন্ট যিনি জেলে যাবেন। প্রসিকিউটররা গত সপ্তাহে যে ইঙ্গিত দিয়েছেন তাতে এটাই ধারণা করা যাচ্ছে।
উল্লেখ্য, দুই পর্ন অভিনেত্রীর সাথে ট্রাম্পের অবৈধ যৌন সম্পর্ক গোপন রাখতে ২০১৬ সালের নির্বাচনের সময় অর্থের বিনিময়ে ওই দুই নারীকে মুখ বন্ধ করার চেষ্টা করেন ট্রাম্প। ট্রাম্পের হয়ে দুই নারীকে অর্থ পরিশোধ করেছিলেন তারই ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। কোহেনকে ইতিমধ্যেই বরখাস্ত করেছেন ট্রাম্প।