
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একমাস পূর্বে বদলি করা হলো বাংলাদেশ পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১২১ জন কর্মকর্তাকে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাদেরকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাগণ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে বুধবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানকে প্রত্যাহার করেছিল নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের করা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়।
জানা যায়, ২৫ নভেম্বর এসপি আনিসুর রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে ২০ দলীয় জোট।
অভিযোগের পর জোটের পক্ষ থেকে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘নারায়ণগঞ্জের এসপির স্ত্রী বেগম ফাতেমাতুজ্জহুরা আওয়ামী লীগের বর্তমান এমপি। সম্প্রতি সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন তারা। এ অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও তার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।’
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০ দলীয় জোটের অভিযোগের প্রেক্ষিতেই তাকে প্রত্যাহার করা হয়েছে। ফাতেমা তুজ্জহুরা সংরক্ষিত মহিলা-২১ আসনের বর্তমান এমপি।