
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং কানাডার আর্থিক সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি)’-এর উদ্যোগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী পলিটকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘স্কিলস কম্পিটিশন ২০১৮’-এর প্রাতিষ্ঠানিক পর্ব আজ শনিবার ইনস্টিটিউট চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বুলবুল আহমেদ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিল্প-কারখানার মালিক, প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিদ্বয় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১৭টি উদ্ভাবন/প্রকল্প মূল্যায়নের জন্য উপস্থাপন করা হয়।
প্রদর্শিত উদ্ভাবন/প্রকল্পগুলো থেকে দেশ, সময় ও বর্তমান বাজারের চাহিদার প্রেক্ষিতে বিবেচনায় রেখে মেধা, মনন, উদ্ভাবন ও সৃজনশীলতার ভিত্তিতে নিম্ন তিনটি উদ্ভাবন/প্রকল্প সেরা হিসেবে নির্বাচিত হয়।
এডভান্সড ইরিগেশন সিস্টেম শীর্ষক উদ্ভাবনের জন্য ইলেকট্রিক্যাল বিভাগের মাজেদ শেখ, আল আমিন শেখ ও শাকিল আহমেদ প্রথম স্থান। স্মার্ট মোটর স্টারটার শীর্ষক উদ্ভাবনের জন্য কম্পিউটার বিভাগের কুমারি কনিকা রাণী, মাধুবি আক্তার মিতু ও সজিব মিয়া দ্বিতীয় স্থান। প্রোটেকটিং লাইফ ফ্রম গ্যাস ষ্টোভ এক্সিডেন্ট শীর্ষক উদ্ভাবনের জন্য ইলেকট্রিক্যাল বিভাগের নাজিম আকন্দ, আব্দুর রউফ ও একে চঞ্চল সরকার তৃতীয় স্থান লাভ করেন। নির্বাচিত ৩টি উদ্ভাবন/প্রকল্প আগামী ২৪ নভেম্বর ২০১৮ তারিখে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় (দ্বিতীয় পর্ব) অংশগ্রহণ করবে।
দ্বিতীয় পর্বে ১৩টি অঞ্চলের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা থেকে নির্বাচিত ৫২টি উদ্ভাবন/প্রকল্প ঢাকায় আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য চুড়ান্ত পর্বের প্রতিযোগিতায় (জাতীয় পর্যায়) অংশগ্রহণ করবে।