
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং উপলক্ষে সাংবাদিকদের আমন্ত্রণ করেও ব্রিফিংয়ে থাকতে দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। এসময় ইসির এক কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণও করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে ইসির এই ‘অনাকাঙ্খিত’ ঘটনাটি ঘটে।
সংবাদকর্মীরা বের হতে না চাইলে ইসির পক্ষ থেকে জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান রূঢ় আচরণ করেন এবং এরপর বেরিয়ে আসেন সংবাদকর্মীরা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ের প্রথম দিন ছিল আজ। তিন দিনব্যাপী এই ব্রিফিং শেষ হবে আগামী সোমবার।
সাংবাদিকদের এই অনুষ্ঠানে থাকার জন্য শুক্রবার আমন্ত্রণ জানানো হয়েছিল। ডেকে এনে এভাবে বের করে দেয়ায় গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
ব্রিফিং থেকে বেরিয়ে আসার পর এক সাংবাদিক বলেন, এভাবে বের করে দেয়ায় সংবাদ সংগ্রহ করা সম্ভব হয়নি। আমন্ত্রণ করেও এভাবে বের করে দেওয়ায় আমরা কষ্ট পেয়েছি।
পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আগামীকাল থেকে সাংবাদিকদের থাকতে দেবেন বলে জানান।
আজ সকাল ১০টার দিকে নির্বাচন ভবনের ব্যাজমেন্ট-২’তে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচন আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিং শুরু হয়।
ব্রিফিংয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক বক্তব্য দেয়ার পর সাংবাদিকদের বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসি।
তখন সাংবাদিকরা বারবার জানান, তারা সিইসির বক্তব্য শুনে চলে আসবেন। তা না হলে সংবাদ তৈরি করা যাবে না। কিন্তু ইসি কোনো কথা না শুনে সাংবাদিকদের বেরিয়ে যেতে বলে।সূত্র-আরটিএনএন