
জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয় ভাঙচুর করেছে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ।
নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের লাগামহীন মনোনয়ন বানিজ্যে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বিকেলে এ হামলা চালায়। এখন ভেতরে পুলিশ ছাড়া আর কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর নেতৃত্বে ভাঙচুর করা হয় ।
বিষয়টি স্বীকার করে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাণিজ্যের প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ হামলা চালায়।
তিনি বলেন, শফিকুল ইসলাম সেন্টু ঢাকার জনপ্রিয় নেতা। তিনি একাধিকবার মোহাম্মদপুর থেকে কমিশনার নির্বাচিত হয়েছেন। তাকে মনোনয়ন দেয়ার কথা বলে টাকা নেন মহাসচিব। কন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেয়া হয়নি। তিনি এতে ক্ষুব্ধ হন। বনানী কার্যালয়ে গিয়ে প্রতিবাদ করেন। এসময় বিক্ষুব্ধ কর্মীরা কার্যালয়ে ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং কার্যালয়টিতে তালা দিয়ে দেয়।
জানা গেছে, একই অবস্থা জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়েও। দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এখানে অবস্থান নিয়ে মহাসচিবকে অবাঞ্চিত ঘোষণা করেছেন। ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন নিশ্চিত করতে তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা হাওলাদারকে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন।