
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
রবিবার সকালে বিক্ষোভকারী শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবস্থান নিলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।
এর আগে শনিবার মানববন্ধন কর্মসূচি করার কথা থাকলেও দুপুরে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এম এ আলী বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।
প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাঁধা বা রাস্তা থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাস্তা ছেড়ে দিতে বলা হয়েছে, কিন্তু আমরা দাবি বাস্তবায়নে অনড়। এখনও পর্যন্ত কোনো ধরনের ঝামেলা হয়নি।
এদিকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে রাস্তায় তেমন গণপরিবহন নামতে পারছে না। তবে যেসব যানবাহন চলাচল করছে শাহবাগ মোড় দিয়ে সেগুলোও রাস্তা বন্ধ থাকায় চলতে পারছে না। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এ পথে চলাচলকারীরা।