
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ কর্ণেল আবু তাহের বীর উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী ও আলোচনা সভা। উপলক্ষে একটি র্যালী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় গাইবান্ধা বাসস্টান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা জাসদের সহ-সভাপতি ও পলাশবাড়ী উপজেলা জাসদের সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সহ-সভাপতি আব্দুল মজিদ আকন্দ, আবু ইয়াহিয়া খান, সাধারন সম্পাদক আব্দুল জলিল সরকার বাদশা, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদর ইউনিয়ন জাসদ সভাপতি শাহজাহান প্রধান, সাধারন সম্পাদক মোশারফ হোসেন প্রধান, হোসেনপুর ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে নুরুজ্জামান প্রধান বলেন, সমাজ বিপ্লবের মাধ্যমে অসম্প্রদায়িক, বৈষম্যহীন ও শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালিন আদর্শ বাস্তবায়নের জন্য জাসদ সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে।