
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন শনিবার দিনভর পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে তিন নারী ও এক যুবকসহ চারজনকে আটক করেছে।
আটককৃতদের কাছ থেকে প্রায় লাখ টাকা মূল্যের ৭৫ পিস ইয়াবা ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। গোপন সূত্রে সংবাদ পেয়ে মাদকদ্রব্য বিভাগীয় স্টাফ গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হাবিবের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক জুয়েল ইসলামসহ সঙ্গীয়রা পলাশবাড়ী উপজেলা সদরের পৃথক স্থানে চারটি বাসা-বাড়ীতে অভিযান চালায়।
এসময় গিরীধারীপুর গ্রামের হাজী পাড়ার সাজ্জাদ সরকারের (২০) নিকট থেকে ৪৫ পিস ইয়াবা, নুনিয়াগাড়ী গ্রামের বুলু মিয়ার স্ত্রী শিরিনা বেগমের নিকট ৩০ পিস ইয়াবা, কালুগাড়ী গ্রামের জুয়েল রানার স্ত্রী বিথি বেগমকে (১৯) ৭’শ গ্রাম গাঁজাসহ জামালপুর গ্রামের মৃত নছিম উদ্দিনের স্ত্রী শিরিনকে (৫০) ৮’শ গ্রাম গাঁজাসহ আটক করে।
পরে উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেনের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক আটককৃতদের প্রত্যেকের ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশের রায় প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওইদিনই রাতেই তাদের গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।