
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল তৈষজপত্র, ধান-চাল ও ঘর-বাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ৮ সেপ্টেম্বর শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামে।
জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে উক্ত গ্রামের মরহুম সাফায়েত উল্যার ছেলে সাকোয়াত হোসেনের গোয়াল ঘর হতে কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটে। তখন বাড়ীর সবাই ঘুমন্ত অবস্থায় থাকায় প্রাথমিক ভাবে কেউ টের পারেনি। মুহুর্তের মধ্যে ছনের বেড়া যুক্ত খড়ের গোয়াল ঘরটি পুড়ে শয়ন ঘরে আগুন লাগলে বাড়ীর লোকজন টের পায়। এসময় তাদের চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। গাইবান্ধা এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। এসময় বাড়ীর মালিকের ৪টি কক্ষের মালামাল, ধান-চাল, তৈষসপত্র, আসবাবপত্র এবং নগদ ৩ লাখ ৩০ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়। পরে গাইবান্ধার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবারটি মানবেতর জীবন যাপন করছে।