
কোনও ধরনের শর্ত ছাড়াই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে শান্তিচুক্তির আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় বুধবার (১২ সেপ্টেম্বর) রাশিয়ার ভ্লাদিভস্তকে এক সম্মেলনে পুতিন জাপানের প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান। খবর রয়টার্সের।
শিনজো আবের উদ্দেশ্যে এসময় পুতিন বলেন, ‘এক দশকের সকল শত্রুতা ভুলে আসুন শান্তিচুক্তি করি।’
জাপান ও রাশিয়ার মধ্যে প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘদিন ধরে। সেই মালিকানা নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুতা আনুষ্ঠানিকভাবে এখনও শেষ করেনি দেশ দুটি। রুশ প্রেসিডেন্ট এবার সেই শত্রুতা ঘুচানোরই আহ্বান জানালেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘এইমাত্র আমার মাথায় একটি চিন্তা আসলো। চলুন কোনও পূর্বশর্ত ছাড়াই এই বছর শেষ হওয়ার আগে একটি শান্তি চুক্তি করে ফেলি।’
বিতর্কিত দ্বীপ অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়ে উদ্বেগের কথাও জানান পুতিন। একইসঙ্গে এই অঞ্চলের নিরাপত্তাকে বর্তমান সময়ের একটি প্রধান ইস্যু বলেও উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট।
এর আগে গত সোমবার এক বক্তৃতায় দুদেশের দ্বন্দ্ব শান্তিচুক্তির দিকে অগ্রসর হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছিলেন শিনজো আবে।
তবে রুশ প্রেসিডেন্টের এ আহ্বানের পর আবের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।