
গাইবান্ধা সদর উপজেলার কামারজানী নৌ-বন্দরের ব্রক্ষপুত্র নদে দু’দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।
উদ্বোধনের এসময় বক্তব্যে তিনি বলেন, ‘নৌকা স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে । নৌকা উন্নয়নের পথ দেখায়। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’
দু’দিনব্যাপী এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে কামারজানী ও গিদারী ইউনিয়নের যুব সমাজ।
সকাল থেকেই এ প্রতিযোগিতা উপভোগ করতে হাজার হাজার নারী-পুরুষ, তরুণ-তরুণী, বৃদ্ধ-যুবা দলবেঁধে ব্রহ্মপুত্রের পাড়ে সমবেত হয়েছিলেন। এতে উৎসব-আনন্দে মুখর হয়ে উঠেছিলো পুরো এলাকা। প্রতিযোগিতায় গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি উপজেলা ও জামালপুর এবং কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকা থেকে ১১টি দল অংশ নেয়। প্রতিটি নৌকায় বৈঠা হাতে নেন ৩৫ থেকে ৪৫ জন মাঝি।
কামারজানীতে দীর্ঘদিন যাবত প্রতিবছর স্থানীয় যুবকদের উদ্যোগে একই স্থানে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানান আয়োজক কমিটির সাধারন সম্পাদক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মহিউল ইসলাম।
নানা রঙ্গের নৌকা ছাড়াও প্রতিযোগীদের সাজ-পোশাক, বাদ্য-বাজনা নৌকা বাইচের প্রধান আকর্ষণ ছিল। গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়ন ছাড়াও আশেপাশের বেশক’টি ইউনিয়ন ও গাইবান্ধার অন্য ছয়টি উপজেলা থেকেও অনেক দর্শক এ বাইচ উপভোগ করতে আসেন। নৌকা বাইচ চলাকালে ব্রহ্মপুত্রের পাড়ে হাজার হাজার উৎসাহী দর্শক এ অঞ্চলের ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ গিনি। আয়োজক কমিটির সভাপতি এটিএম সামসুল হুদা বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম রেজা, কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুস ছালাম জাকির, গিদারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ইদু প্রমুখ।