
কেলেঙ্কারি পিছু না রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের। এবার ভোল্ট থেকে ৭ বস্তা নতুন টাকা অভিনব জালিয়াতির মাধ্যমে পাচারের চেষ্টা করে ধরা পড়েছে ব্যংকটির দুই কর্মকর্তা। তবে এই ঘটনার মুল হোতারা কেউ ধরা পড়েনি। জড়িতদের চিহ্নিত করতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলায় অবস্থিত স্থানীয় কার্যালয়ের সুরক্ষিত ভোল্ট থেকে বুধবার রাতে টাকা পাচারের চেষ্টা করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের নিরাপত্তারক্ষীদের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার ছিল শবে কদরের ছুটি। ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তারা দেখতে পান সাত বস্তা নতুন টাকাসহ একটি পিকঅ্যাপ ভ্যান বের হচ্ছে। পিকঅ্যাপ ভ্যানে থাকা দুইজনের কাছে নতুন টাকা বের করে নেয়ার বৈধ ছাড়পত্র চান। তারা প্রথমে বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা। আবার বলেন, ভল্টে সমপরিমাণ পুরনো নোট রেখে নতুন টাকা নেয়া হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে টাকা আবার ভল্টে রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় সোনালী ব্যাংকের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং অধিকতর তদন্তের জন্য ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণের মধ্যে নতুন টাকা বিনিময় করে থাকে। সাধারণত প্রতিটি ব্যাংক তাদের প্রধান অফিসের মাধ্যমে এ নতুন টাকা বাংলাদেশ ব্যাংক থেকে আনা হয়। পরে সব শাখায় তা পাঠিয়ে দেয়া হয়। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক ধরনের অসাধু কর্মকর্তা-কর্মচারী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণের মধ্যে নতুন টাকা বিনিময় না করে তা কালো বাজারে বিক্রি করে দেন।
ঈদকেন্দ্রিক সাধারণত ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও ২০ টাকার নোটের চাহিদা থাকে বেশি। কালোবাজারে ১০০টি ২ টাকার প্রতিটি প্যাকেট ৭০ টাকা থেকে ৮০ টাকায় বেশি দরে বিক্রি হয়। ১০০টি ৫ টাকার প্রতিটি প্যাকেট বিক্রি হয় ১৫০ টাকা থেকে ১৮০ টাকা বেশি দরে। অর্থাৎ প্রতিটি ৫ টাকা বিক্রি হয় সাড়ে ৬ টাকা। আর প্রতিটি ২ টাকা বিক্রি হয় প্রায় তিন টাকা। ১০০টি ১০ টাকার প্রতিটি প্যাকেট বিক্রি ৮০ টাকা বেশি দরে।
ব্যাংকে সাধারণ গ্রাহক নতুন টাকা না পেলেও প্রতিটি ব্যাংকের আশেপাশে, গুলিস্তান, বাংলাদেশ ব্যাংকের পাশে সেনাকল্যাণের সামনে বিক্রি হয় নতুন টাকা। এসব নতুন টাকা ব্যাংকগুলোর এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে কালোবাজারিদের হাতে আসে। সেখান থেকে সাধারণ গ্রাহক বেশি দরে আত্মীয়-পরিজনের জন্য নতুন টাকা কিনে নেন।
জানা গেছে, সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের ভল্টের চাবি ছিল সোনালী ব্যাংকের ক্যাশের যুগ্ম জিম্মাদার গোলাম মোস্তফা ও সাধারণ শাখার যুগ্ম জিম্মাদার বাবুল সিদ্দিকীর কাছে। এর মধ্যে বাবুল সিদ্দিকী কিছু দিন আগে এ শাখায় যোগ দিয়েছেন। আর গোলাম মোস্তফা আগে থেকেই এ শাখায় ছিলেন।
এ বিষয়ে গতকাল ব্যাংক খোলার সাথে সাথে হইচই পড়ে যায়। ব্যাংকপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে সোনালী ব্যাংকের সাত বস্তা নতুন টাকা পাচারের চেষ্টার ঘটনা।
সোনালী ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, দীর্ঘ দিন ধরে সোনালী ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী সোনালী ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের নতুন টাকা না দিয়ে কালোবাজারিদের কাছে বিক্রি করে দেন। বিশেষ করে ঈদকেন্দ্রিক এ তৎপরতা বেশি বেড়ে যায়। তারা ভল্টে পুরনো টাকা রেখে বস্তায় বস্তায় নতুন টাকা কালোবাজারিদের কাছে বিক্রি করে অর্থ উপার্জন করেন।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, সাত বস্তায় কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকা ছিল। এ টাকা তারা তিন লাখ টাকা থেকে চার লাখ টাকা বেশি দরে বিক্রি করেছিল কালোবাজারিদের কাছে। কিন্তু আনসার সদস্যদের সতর্কতার কারণে ও ছুটির দিন থাকায় এ যাত্রায় তারা রেহাই পায়নি।সূত্র-আরটিএনএন