
গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত হওয়ার পর বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
রবিবার তুরস্কের উত্তরাঞ্চলের আদানায় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি নেতানিয়াহুকে এই অভিযুক্ত করেন।
এরদোগান বলেন, ‘হে নেতানিয়াহু, আপনি একজন দখলদার, একজন দখলদার হিসেবেই আপনি ওই ভূমিতে অবস্থান করছেন। একইভাবে আপনি একজন সন্ত্রাসী।’
দখলদারদের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে আমাদের কোনো অনুশোচনা থাকবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার ফিলিস্তিনিরা ৪২তম ভূমি দিবস পালন করেন। ১৯৭৬ সাল থেকে প্রতিবছর ৩০ মার্চ ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করছে ফিলিস্তিনিরা। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরাইলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হন।
ওই ঘটনার স্মরণে ফিলিস্তিনিরা দিনটিকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছেন। শুক্রবার দিবসটি পালনের উদ্দেশ্যে ফিলিস্তিনিদের জমায়েতে হামলে পড়ে ইসরাইলি বাহিনী। তারা গুলি চালিয়ে ১৭ ফিলিস্তিনিকে হত্যা করে। এছাড়া গুলিবিদ্ধ হন সাড়ে সাত শতাধিক ফিলিস্তিনি। আহত হয় প্রায় দেড় সহস্রাধিক মানুষ।
এদিকে ভূমি দিবস পালনকালে ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞের শিকার ব্যক্তিদের স্মরণে শনিবার জাতীয় শোক পালন করেছে ফিলিস্তিনিরা। এদিন আমৃত্যু ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখার অঙ্গীকার করে স্বাধীনতাকামী এই জাতি।
সূত্র: আনাদোলু এজেন্সি, এএফপি










