
আন্তর্জাতিক ডেস্ক
নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ শনাক্ত করার কাজ শুরু হয়েছে। শনিবার সকালে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটির টিচিং হাসপাতালে এ পক্রিয়া শুরু হয়।
শুক্রবার (১৬ মার্চ) কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় যেসব বাংলাদেশিকে শনাক্ত করা সম্ভব হবে, তাদের মরদেহ আগামী মঙ্গলবার আনা হবে। শুকবারই সমস্ত মরদেহের ময়নাতদন্ত শেষ হয়।
শনিবার বাংলাদেশ দূতাবাস ও ইউএস-বাংলার কর্মকর্তারা শনাক্ত করার কাজটি তদারকি করছেন। আছেন নিহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনেরা। মৃতদেহ শনাক্ত করার কাজে নেতৃত্ব দিচ্ছেন ত্রিভুবন ইউনিভার্সিটির ফরেনসিক বিভাগের প্রমোদ প্রমোদ শ্রেষ্ঠা।
শনিবার খালি চোখে দেখে স্বজনেরা নিজ নিজ আপনজনের মরদেহ শনাক্ত করবেন। শনাক্ত করা এসব মৃতদেহই শুধু মঙ্গলবার দেশে পাঠানো হবে। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হবে না, এগুলোর ডিএনএ প্রোফাইলিং করা হবে। প্রোফাইলিংয়ের জন্য এসব মৃতদেহের দাঁত, চুল, নখ বা পোশাকের নমুনা সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কাল রবিবার (১৮ তারিখ) ঢাকার সিআইডির ডিএনএ ল্যাবে গিয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়।